আলী আকবর টুটুল,বাগেরহাট. একটি বাড়ি, একটি পরিবার, অথচ লাশ গুনতে হয়েছিল ১৩টি! চারদিকে শুধু পানি আর পানি। কে বেঁচে আছেন, কে হারিয়ে গেছেন, তা জানারও উপায় ছিল না। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সেই ভয়াল রাতে মুহূর্তেই তছনছ হয়ে গিয়েছিল বাগেরহাটের শরণখোলার দক্ষিণখালী ইউনিয়নের গাবতলা গ্রামামের নাসিমা বেগমের সাজানো সংসার। শুধুমাত্র নাসিমার পরিবার থেকে ১৩ টি লাশ গুনতে হয় এমন পরিবার রয়েছে কয়েকশত । ১৯ বছর পেরিয়েছে, কিন্তু স্বজন হারানোর সেই কান্না আজও থামেনি। সময়ের সঙ্গে বদলেছে জনপদ, বদলায়নি মানুষের আতঙ্ক। একসময় সিডর কেড়েছিল তাঁদের সবকিছু, আর এখন বলেশ্বরের ভাঙন কেড়ে নেওয়ার অপেক্ষায় শেষ আশ্রয়টুকুও। প্রশ্ন উঠছে, ১৯ বছরেও কি নিরাপদ হতে পারেনি সিডরবিধ্বস্ত এই জনপদ?
সেদিন রাতের সেই ভয়াবহতা মনে পড়লে আজও বাকরুদ্ধ হয়ে পড়েন নাসিমা বেগম। বৃহস্পতিবার (১৫ নভেম্বর ২০০৭) রাত আটটার দিকে হঠাৎ জলোচ্ছ্বাসের মতো পানি ছুটে আসে লোকালয়ে। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হওয়ার সময় চোখের সামনেই ভেঙে পড়ে একটি গাছ। পরে আশ্রয় নেন বেড়িবাঁধে। কিন্তু ততক্ষণে পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। কে কোথায় হারিয়ে গেছেন, কার ভাগ্যে কী ঘটেছে, কিছুই জানা ছিল না। পানি নেমে যাওয়ার পর খোঁজ মেলে স্বজনদের। দেখা যায়, শুধু তাঁদের বাড়িতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।
একটি ঘূর্ণিঝড়, পৌনে এক ঘণ্টার তাণ্ডব, আর তাতেই বদলে যায় হাজারো মানুষের জীবনের গল্প। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূল। শরণখোলা উপজেলাতেই প্রাণ হারিয়েছিলেন অন্তত… ৯০৮ জন। ভেঙে পড়েছিল ঘরবাড়ি, তলিয়ে গিয়েছিল ফসলের মাঠ, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অসংখ্য পরিবারের স্বাভাবিক জীবন। সেই ভয়াল রাতের ১৯ বছর পরও শরণখোলার মানুষের কাছে সিডর কেবল ইতিহাস নয়, এক জীবন্ত ক্ষত। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের কাছে প্রতিটি ঝড়ের সংকেতই যেন নতুন করে ফিরে আসা সেই দুঃস্বপ্ন। কিন্তু এবার তাঁদের ভয় শুধু ঘূর্ণিঝড় নয়, ভয় নদীভাঙনেরও। বলেশ্বরের অব্যাহত ভাঙনে প্রতিদিন বদলে যাচ্ছে নদীর গতিপথ, কমছে বসতির নিরাপদ দূরত্ব। ঝুঁকির মুখে পড়ছে বেড়িবাঁধ বলছেন স্থানীয়রা।
দক্ষিন সাউথখালী গ্রামের সন্তান ও স্বজন হারা নাসিমা বেগম বলেন,মনে পরে তো কষ্ট, বুকে অনেক কষ্ট। আমার বাচ্চা কাচ্চা মারা গেছে ৩ জন। আম্মা-আব্বা মারা গেছে,আমার ভাইর ২ টা ছেলে, একটা মেয়ে মারা গেছে। তারপর ঘর নাই বাড়ি নাই,আবার সেই যদি বইন্যা আবার আয়, হতবম্ভ হয়ে যাই। তারপর এইযে বেরিবাধ দিছে,এতে তো মানেনা, এতে তো ঝড় আইলেই উইড্ডা বইয়া থাহা লাগে। এট্টু জোবা ওইলেই পানি উইড্ডা যায়। হেইয়ার পর এই বালি দিয়া বাঁধ কইররা গেছে, টেকপে কেমন তারা এহন খালি এহানে ওহানে গর্ত হইয়া যায়, এহন আর চলার মত নাই। ডরে মোগো রাইতে ঘুম হয়না।
স্বজনহারা আরেকজন জাকির হোসেন বলেন, সিডরের ১৯ বছর আমাদের শরনখোলা উপজেলায় ৯০৪ জন মানুষ মারা গেছে। এটা আমাদের জন্য একটা ট্রাজেডি। আমরা প্রত্যেক বছর নভেম্বর মাস আসলেই আমাদের এই শরনখোলা তথা সাউথখালি ইউনিয়নের মানুষের হৃদয় কেপে ওঠে, শুধু একটা কারনেই এই ১৫ই নভেম্বর অনেকের একই পরিবারের ১৫ জন স্বজন ও মারা গেছে। সিডরের পরে সরকারের কাছে আমাদের একটাই দাবি ছিলো, টেকসই বেরিবাধঁ। কিন্তু আমরা চাওয়ার পরে একটা বেরিবাধঁ পেয়েছি বিশ্বব্যাংকের অর্থায়নে,আড়াইশো কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে। কিন্তু এই বেরিবাধ অসৎ উপায় অবলম্বন করে মাটির জায়গায় বালি দিয়ে নির্মান করা হয়েছে। যার ফলে বিভিন্ন জায়গায় ভাংগনের সৃষ্টি হয়েছে। এই নতুন যে নতুন ভাংগন এটা মানুষকে শংকায় ফেলছে। ভেরিবাধ লাগোয়া যে পরিবার গুলো তারা নির্বিগ্নে রাত কাটাতে পারে না।
স্থানীয় বাসিন্দা এমিলি বেগম বলেন, সিডরের সময় চোখের সামনে সব শেষ হয়ে গেছে। এখনো যখন নদীতে পানি বাড়ে, তখন সেই রাতের কথা মনে পড়ে। মনে হয়, আবার বুঝি সবকিছু হারাতে হবে। আমাদের এখানে বাঁধ ভাঙে, আবার মেরামত করে। কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। নদী যেভাবে ভাঙছে, তাতে বাড়িঘর নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
বাগেরহাটে শরণখোলা উপজেলার বগী, গাবতলা, সাউথখালী, মোরেলগঞ্জের আমতলা, ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল, বাঁধের ব্লক ধ্বসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। সম্প্রতি জরুরী ভিত্তিতে দুটি স্থানে জিও ব্যাগ ও ব্লকের কাজ চলছে।
বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, সিডরের ক্ষত বুকে নিয়েই নতুন করে ঘর বেঁধেছেন অনেকে। কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ সন্তান, কেউবা পুরো পরিবার। কিন্তু ১৯ বছর পরও তাঁদের জীবনে নিরাপত্তার নিশ্চয়তা আসেনি। একদিকে নদীভাঙন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধ। মাঝখানে জীবন বাঁচানোর লড়াই। উপকূলের মানুষের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া, কোনো দুর্যোগ আসার আগেই নিশ্চিত হোক তাঁদের নিরাপত্তা। তাঁরা আর কোনো ত্রাণের অপেক্ষায় থাকতে চান না, চান না স্বজন হারানোর পর সহানুভূতি।
তিনি আরও বলেন, সিডরের পর টেকসই বাধ নির্মানে অনিয়মের কারনে বলেশ্বরের অব্যাহত ভাঙনে প্রতিদিন বদলে যাচ্ছে নদীর গতিপথ, কমছে বসতির নিরাপদ দূরত্ব। ঝুঁকির মুখে পড়ছে বেড়িবাঁধ। ২০১৬ সালে শুরু হওয়া টেকসই বেরিবাধ নির্মান অসম্পুর্ন রেখে সিআইপি প্রকল্প ২০২৩ সালে হস্তান্তর করে পানি উন্নয়ন বোর্ডকে। এরপর থেকে নদী ভাঙগন শুরু হয়। মানুষের দূর্ভোগ লাগবে নদী শাসন করে বেরিবাধ নির্মানের দাবী জানান তিনি।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখার বলেন, নদীবেষ্টিত শরণখোলা উপজেলা। বিভিন্ন সময়ে প্রাকৃতিক ঘুনিঝড় হলে উপকূলের মানুষ আতঙ্কে থাকে। মানুষের এই এলাকার মানুষের দাবি টেকসই বেরিবাধ। প্রতিবছরই ঘূর্ণিঝড় হলে বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে যায় এগুলো পুনরায় নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবগত করছি। এছাড়া সরকারের তত্ত্বাবধানে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই ধরনের দুর্যোগ মোকাবলায় সচেতনতা বাড়াতে কাজ চলমান রয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, উপকূলের মানুষের এই আতঙ্কের পেছনে রয়েছে বাস্তব ঝুঁকিও। বিশ্বব্যাংকের অর্থায়নে সিআইপি প্রকল্পের আওতায় নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পয়েন্টে একসময় ২০০ থেকে ৪০০ মিটার পর্যন্ত সেটব্যাক রাখা হয়েছিল। কিন্তু অব্যাহত নদীভাঙনে সেই দূরত্ব কমে বাঁধ চলে এসেছে নদীর একেবারে কাছাকাছি। কোথাও কোথাও বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। আগে জাইকা প্রকল্পের আওতায় ৫০০ মিটার নদীতীর সংরক্ষণ কাজ করা হলেও তা পর্যাপ্ত হয়নি। নতুন করে সন্নাসী থেকে বগী পর্যন্ত ২৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ১১ কিলোমিটার নদীতীর সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় নদীতীর সংরক্ষণ কাজের পরিমাণ নির্ধারণে বর্তমানে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা চলছে । সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর ডিপিপি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে উপকুলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের প্রানহানি ঘটে। ঘূনিঝড়ে দেড় লক্ষাধিক জেলার বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়।##